এবার শাহরুখ খানকে হত্যার হুমকি

এবার শাহরুখ খানকে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক:  বলিউড ভাইজান সালমান খানের পর এবার হত্যার হুমকি দেওয়া হয়েছে শাহরুখ খানকে। ফোন করে হত্যার হুমকি দেওয়া হয় বলিউড বাদশাকে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের বান্দ্রা থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে। ইন্ডিয়ান পেনাল কোড ৩০৮ (৪), ৩৫১ (৩) ধারায় মামলাটি রেজিস্ট্রি হয়েছে।

একটি সূত্র নিউজ১৮-কে জানিয়েছে, শাহরুখ খানকে হত্যার হুমকিদাতাকে শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম ফাইজান। ছত্রিশগড়ের রায়পুরের বাসিন্দা তিনি। এ বিষয়ে তদন্ত করতে মুম্বাই পুলিশের একটি টিম রায়পুরে গিয়েছে।

মিড-ডে এক প্রতিবেদনে জানিয়েছে, গেল ৫ নভেম্বর মুম্বাইয়ের বান্দ্রা থানার ল্যান্ডলাইনে ফোন করে শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়। তবে কী কারণে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি এ বিষয়ে এখনো নীরবতা ভাঙেননি শাহরুখ খান।

এর আগে ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জাওয়ান’ সিনেমার সাফল্যের পর হত্যার হুমকি পেয়েছিলেন শাহরুখ খান। একই বছরের অক্টোবরে এ অভিনেতাকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেয় ভারত সরকার।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com