অনলাইন ডেস্ক, নেত্রকোনার আলো ডটকম:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ২০১৫ সালে অগ্নিদগ্ধ হয়ে ৪২ জনের মৃত্যুর ঘটনায় করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজের আদেশ দেন।
২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে সারা দেশে ৪২ জন আগুনে পুড়ে মারা যান। জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ ঘটনায় খালেদা জিয়াসহ বিএনপির তিনজন শীর্ষ নেতাকে হুকুমের আসামি করে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. এমাজউদ্দিন আহম্মেদ, এবং শমসের মবিন চৌধুরী।
২০২৪ সালের ২১ সেপ্টেম্বর গুলশান থানার উপ-পরিদর্শক শাহীন মোল্লা আদালতে প্রতিবেদন দাখিল করেন, যেখানে আসামিদের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি বলে উল্লেখ করা হয়।