নীলফামারী: জুলাই-আগস্ট গণহত্যার পক্ষে কাজ করা গণমাধ্যমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। শনিবার (১২ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, “ইতোমধ্যে কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে মামলা হয়েছে এবং কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। আরও যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং বিচার প্রক্রিয়াও শুরু হবে।”
ঢাকা থেকে রংপুরে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা প্রশাসন, এবং সৈয়দপুর উপজেলা জামায়াত শিবিরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে সৈয়দপুর জেলা বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও পৃথকভাবে শুভেচ্ছা জানান।
উপদেষ্টা মো. নাহিদ ইসলাম রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি কর্মসূচিতে যোগ দিতে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন নাগরিক ঐক্য কমিটির সদস্য সচিব আকতার হোসেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, এবং সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।