অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে দিনের বা রাতের বেলায় বৃষ্টি হচ্ছে, যদিও গরম এখনো কমছে না। তবে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তর ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার পাশাপাশি দিনের তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, মৌসুমি বায়ুর অক্ষ মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ৫ দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা বাড়বে এবং তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।