সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ তিন দিনের রিমান্ডে

সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ তিন দিনের রিমান্ডে

নিজস্ব  প্রতিবেদক: উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী মো. আবদুস শহীদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে ২৯ অক্টোবর রাতে উত্তরা ১০ নং সেক্টরের ২নং রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে আবদুস শহীদকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ তিন কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, এক হাজার ৯৫৩ ইউএস ডলার, এক হাজার ১২০ কানাডিয়ান ডলার, এক হাজার ১০০ ইউরো, তিন হাজার ১১৭ কাতার রিয়াল, পাঁচ হাজার ৩০০ থাইবাথ, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার এবং তিন হাজার রুপিসহ প্রায় ৮৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩০ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা আইনের ২৩(১) ধারায় মামলা দায়ের করা হয়।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com