গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার

অনলাইন  ডেস্ক: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকার ট্যাক্স নামক পোশাক কারখানার শ্রমিকরা এ অবরোধ প্রত্যাহার করেন। গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অক্টোবরের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন ওই শ্রমিকরা। একপর্যায়ে তারা মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে গাজীপুর মহানগর পুলিশ, শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, অক্টোবরের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। শ্রমিকদের বুঝিয়ে দীর্ঘ দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পরিস্থিতি স্বাভাবিক হয়।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com