সরকারি খরচে হজে যাওয়া বন্ধের সিদ্ধান্ত, প্রতারকচক্র নিয়ে সতর্কবার্তা

সরকারি খরচে হজে যাওয়া বন্ধের সিদ্ধান্ত, প্রতারকচক্র নিয়ে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

অন্তর্বর্তী সরকার ব্যয় কমানোর লক্ষ্যে ২০২৫ সালে সরকারি খরচে কাউকে হজে পাঠাবে না। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুকদের জন্য প্রাথমিক নিবন্ধন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চালু থাকবে। বুধবার (২৩ অক্টোবর) হজ-১ অধিশাখা থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের হজ পালনে ইচ্ছুক সবাইকে ২৫ আগস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এদিকে হজযাত্রীদের প্রতারণা থেকে রক্ষা করতে ধর্ম মন্ত্রণালয় সতর্কবার্তা দিয়েছে। ২০ অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু প্রতারকচক্র ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে হজযাত্রী ও হজ এজেন্সির কাছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাচ্ছে। মন্ত্রণালয় স্পষ্ট করেছে, তারা কোনো কার্ড বা মোবাইল ব্যাংকিং তথ্য চায় না, বরং রিফান্ড সরাসরি ব্যাংক হিসাব বা চেকের মাধ্যমে প্রদান করা হয়।

প্রতারকদের এমন তথ্য না দিতে এবং এ ধরনের ফোন এলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করার জন্য ধর্ম মন্ত্রণালয় পরামর্শ দিয়েছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com