নির্বাচনী পরিচয়পত্র নিয়ে শঙ্কা: ডিএফপি তালিকায় নেই প্রায় ৩৫০ পত্রিকা, অভিযোগ রাজনৈতিক বৈষম্যের

নির্বাচনী পরিচয়পত্র নিয়ে শঙ্কা: ডিএফপি তালিকায় নেই প্রায় ৩৫০ পত্রিকা, অভিযোগ রাজনৈতিক বৈষম্যের

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে জেলা প্রশাসক কার্যালয় থেকে অনুমোদন পাওয়া দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার মধ্যে প্রায় ৩৫০টির নাম এখনো তথ্য অধিদপ্তর (ডিএফপি) প্রকাশিত তালিকায় অন্তর্ভুক্ত হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে এসব পত্রিকায় কর্মরত কয়েক হাজার সাংবাদিক আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিচয়পত্র পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন—এমন আশঙ্কা তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে।
ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, অনুমোদন থাকা সত্ত্বেও তালিকায় নাম না থাকা প্রশাসনিক জটিলতার বিষয় নয়; বরং এটি উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত।

একটি অভিযোগে বলা হয়েছে, বিএনপিপন্থী হিসেবে পরিচিত বা সমর্থক হিসেবে বিবেচিত পত্রিকাগুলোকে পরিকল্পিতভাবে তালিকার বাইরে রাখা হয়েছে, যাতে নির্বাচনী প্রক্রিয়ায় তাদের সাংবাদিকদের অংশগ্রহণ সীমিত করা যায়। সাংবাদিক নেতারা বলছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের বাছাইমূলক তালিকা বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।

তারা দ্রুত যাচাই-বাছাই করে অনুমোদিত সব পত্রিকাকে তালিকাভুক্ত করার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে সাংবাদিক মহল বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং দ্রুত সমাধান চায়, যাতে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহে কোনো পেশাজীবী অযথা বাধার মুখে না পড়েন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com