স্টাফ রিপোর্টার : পুলিশ বাহিনীতে সাম্প্রতিক পোস্টিং ও পদায়নকে ঘিরে মাঠপর্যায়ে ব্যাপক আলোচনা চলছে। অভিযোগ উঠেছে—অনেক মেধাবী পুলিশ পরিদর্শক লটারি না পেয়ে অগুরুত্বপূর্ণ দপ্তরে পদায়িত হয়েছেন। অপরদিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন লটারি পাওয়া কর্মকর্তারা, যাদের প্রশাসনিক দক্ষতা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, একটি থানার ওসির ওপর নির্ভর করে পুরো এলাকার আইনুশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, গোয়েন্দা তৎপরতা, সেবা কার্যক্রম ও জরুরি প্রতিক্রিয়া। তাই এই পদে মেধা, অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের নেতৃত্বের দক্ষতা সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার কথা।
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি থানায় লটারিভিত্তিক ওসি পদায়ন হওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বাড়ছে। স্থানীয় এক বাসিন্দার ভাষায়—“থানার নেতৃত্ব দুর্বল হলে পুরো এলাকার নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। লটারি পাওয়া কর্মকর্তারা সত্যিই কি দায়িত্ব সামলাতে সক্ষম—এটাই এখন বড় প্রশ্ন।”
পুলিশের অভ্যন্তরীণ সূত্র মনে করছে, অভিজ্ঞতা ও সক্ষমতার বদলে লটারিকে প্রাধান্য দিলে অপরাধ নিয়ন্ত্রণ, মামলা ব্যবস্থাপনা ও জনসেবার মান ব্যাহত হতে পারে। এতে মাঠপর্যায়ের কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।অন্যদিকে মেধাবী ও কর্মদক্ষ পরিদর্শকরা লটারি না পেয়ে অগুরুত্বপূর্ণ দপ্তরে পদায়িত হওয়াকে অনেকেই বাহিনীর সক্ষমতা ব্যাহতকারী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তাদের মতে, “যোগ্য ব্যক্তিকে উপযুক্ত দায়িত্ব না দিলে পুরো ব্যবস্থাপনাই দুর্বল হয়ে পড়ে। পুলিশ মহলের একটি অংশও বলছে গুরুত্বপূর্ণ থানার নেতৃত্বে উপযুক্ত কর্মকর্তা বসানো গেলে নিরাপত্তা ব্যবস্থাপনা শক্তিশালী হয়। আর ভুল নেতৃত্বে পুরো প্রশাসনিক প্রক্রিয়াতেই নেতিবাচক প্রভাব পড়ে।