যেখানে হাত দেই সেখানেই দুর্নীতি : শারমীন এস মুরশিদ

যেখানে হাত দেই সেখানেই দুর্নীতি : শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমরা যেখানে হাত দেই সেখানেই দুর্নীতি। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, পোকামাকড়ের মতো দুর্নীতি। এই অবস্থা শুধু ১৬ বছরের বিষয় নয়, এটা শত যুগ ধরে চলছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে টঙ্গীতে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, অন্তর্র্বতী সরকার আল্লাহর তরফ থেকে নাজিল হয়ে আসেনি। আমরা ফেরেশতা নই যে, আমরা যাদু দিয়ে সবকিছু করে ফেলব। সরকারি প্রকল্প লাভজনক না হওয়ার জন্য দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি। টঙ্গীর মৈত্রী শিল্প চলতি অর্থ বছরে ২২ কোটি টাকা ভর্তুকি দিয়েছে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, আমি যদি সময় পাই, তাহলে একবছরে এই প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে।

এর আগে প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও টঙ্গীস্থ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প টঙ্গীর নির্বাহী পরিচালক কাজী মাহবুব-উর-রহমান (উপসচিব)। এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com