চুরি থেকে ‘সাংবাদিক’—মুক্তাগাছায় আনিসুরের উত্থান, সাইবার চাঁদাবাজির অভিযোগে তোলপাড়

চুরি থেকে ‘সাংবাদিক’—মুক্তাগাছায় আনিসুরের উত্থান, সাইবার চাঁদাবাজির অভিযোগে তোলপাড়

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক সময় গরু-ছাগল চুরির সঙ্গে জড়িত থাকা আনিসুর রহমান নামে এক ব্যক্তিকে ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, চুরি ছেড়ে এখন তিনি সাংবাদিক পরিচয় ব্যবহার করে সাইবার অপরাধ ও চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছেন।

জানা গেছে, মুক্তাগাছা উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে আনিসুর রহমান অতীতে একটি ছাগল চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত হন। পরবর্তীতে ময়মনসিংহ নগরীতে অভিযান চালিয়ে র‍্যাব-১৪ সদস্যরা তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তিনি নিজেকে একটি দৈনিক পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে পরিচয় দেন।

অভিযোগ রয়েছে, আনিসুর রহমানের সঙ্গে যোগসাজশে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের ক্যাশিয়ার মেহেদী হাসান আরিফ বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তুলে মোটা অংকের টাকা আদায় করছেন। অভিযোগ না মানলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর হুমকি দেওয়া হয় বলেও দাবি সংশ্লিষ্টদের।

ভুক্তভোগীরা জানান, আনিসুর রহমান চক্রের নিয়ন্ত্রণে থাকা প্রায় অর্ধশত ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। পরে মেহেদী হাসান আরিফ নিজেই বিষয়টি মীমাংসার নামে অর্থ লেনদেনের মাধ্যমে নিষ্পত্তি করেন।

এদিকে, আনিসুর রহমান ও মেহেদী হাসান আরিফের বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল এ ধরনের কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানা গেছে। মুক্তাগাছা থানার ওসি লুৎফুর রহমান জানান, তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গ্রেফতারের চেষ্টা চলছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com