জাতীয় পার্টি শান্তিপূর্ণ একটি দল: মোস্তাফিজার রহমান

জাতীয় পার্টি শান্তিপূর্ণ একটি দল: মোস্তাফিজার রহমান

অনলাইন  ডেস্ক: জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণ দল বলে মন্তব্য করেছেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। মোস্তফা বলেন, জাতীয় পার্টি দেশের তৃতীয় বৃহত্তম একটি রাজনৈতিক দল। আমাদের দুর্বল ভাববেন না। জাতীয় পার্টি পোষা বিড়ালের মতো নয়। যদি কেউ এটা মনে করেন তাহলে ১৯৯০/৯১ সালের মতো আবার রংপুরে জাতীয় পার্টি গর্জে উঠবে। মোস্তফা বলেন, জাতীয় পার্টির রাজনৈতিক ইতিহাসে কখনো কারও পার্টি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ বা কাউকে বাধা প্রদানের অভিযোগ নেই। আমরা সেভাবে রাজনীতি করতে চাই।

২ নভেম্বর জাতীয় পার্টির সারাদেশের দলীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের অবস্থান কর্মসূচি ঘোষণার প্রতিবাদ জানিয়ে মোস্তফা বলেন, ভিপি নুরের দলকে হিসাব করার সময় আমাদের নেই। এরপরও তাদের ঘোষণা হালকাভাবে নেইনি। সকাল থেকেই প্রতিদিনের মতো পার্টি অফিসে আমাদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

মোস্তাফা বলেন, রংপুর-৩ আসন ও সিটি করপোরেশনসহ অনেক কিছু নিয়ে যারা স্বপ্ন দেখছেন তারা নির্বাচনে আসুন। মানুষ যদি আপনাদের ভোট দেয় তাহলে আপনারা নির্বাচিত হবেন। আমরা আপনাদের ফুলের মালা দিয়ে বরণ করবো। কিন্তু পেছনের দরজা দিয়ে এসে ক্ষমতা দখলের চেষ্টা মেনে নেওয়া হবে না। এটা ঢাকা নয়, এটা রংপুর। রংপুর জাতীয় পার্টির অস্তিত্ব। এ অস্তিত্ব টিকিয়ে রাখতে আমরা সবসময় প্রস্তুত।

 এর আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাকসহ অন্য নেতারা বক্তব্য দেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com