জাতি গঠনের সুযোগ নষ্ট হলে দেশ পিছিয়ে যাবে: ড. ইউনূস

জাতি গঠনের সুযোগ নষ্ট হলে দেশ পিছিয়ে যাবে: ড. ইউনূস

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতি গঠনের সুযোগকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, এই সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে। আজ রবিবার সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “জাতি গঠনে আমাদের যে সুযোগ তৈরি হয়েছে, তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। এই সুযোগ নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। তাই দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বান জানাই।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরও আশা প্রকাশ করেন যে, নৌবাহিনী ও বিমান বাহিনী বরাবরের মতো জাতির পাশে থাকবে এবং তাদের দক্ষতার সঙ্গে অগ্রযাত্রায় অবদান রাখবে। বিগত সময়ে যে সহযোগিতা পেয়েছে, আগামীতেও জনগণ তা পাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “নানা প্রতিকূলতা সত্ত্বেও সশস্ত্র বাহিনী পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধারা বজায় রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তারা নির্বাচনী পর্ষদ উদ্বোধনে উপস্থিত থাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং প্রতিরক্ষা সচিব।

অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোকচিত্রে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে তার মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন। পরে তিনি বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com