নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর তাবিথ আউয়াল শনিবার রাতে গুলশানের ফিরোজায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। খালেদা জিয়া তাকে বিশেষ দোয়া দেন এবং সাফল্যের জন্য শুভকামনা জানান।
নির্বাচনের ফলাফল পাওয়ার পর তাবিথ আউয়াল যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফোনে বিজয়ের খবর জানান। দলের নেতাকর্মীদের মতে, তাবিথ তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার নির্দেশে সততার সঙ্গে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন।
তাবিথ আউয়াল এ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমানকে হারিয়ে ১২৩ ভোটে বিজয়ী হন। মিজানুর রহমান পেয়েছেন মাত্র ৫ ভোট। মোট ১৩৩ ভোটারের মধ্যে ১২৮ জন ভোট দেন, এবং নির্বাচন কমিশন থেকে ভোটের বিষয়ে নিশ্চিত করা হয়েছে।