‘৭২ এর সংবিধান ‘২৪ পরবর্তী বাংলাদেশে প্রাসঙ্গিক নয়: হাসনাত আবদুল্লাহ

‘৭২ এর সংবিধান ‘২৪ পরবর্তী বাংলাদেশে প্রাসঙ্গিক নয়: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

‘৭২ এর সংবিধান ‘২৪ পরবর্তী বাংলাদেশে আর প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর রচিত সংবিধান মূলত আওয়ামী আদর্শের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল, যা মুজিববাদী মতাদর্শের আড়ালে পরিচালিত হয়েছে। এই সংবিধানকে ‘২৪ পরবর্তী বাংলাদেশে আর প্রাসঙ্গিক মনে করেন না তিনি, কারণ এটিই স্বৈরাচারী শাসনের ভিত্তি হিসেবে কাজ করেছে।

তিনি বলেন, ৩ আগস্ট ঘোষিত এক দফার মধ্যে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলুপ্তির দাবি ছিল। শেখ হাসিনার পতন নিশ্চিত হওয়া সত্ত্বেও ফ্যাসিবাদ ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ এখনো অমীমাংসিত। যারা গণঅভ্যুত্থানে একাত্মতা প্রকাশ করেছে, তারা ‘৭২ এর সংবিধানের পক্ষে থাকতে পারে না, কারণ এই সংবিধান ফ্যাসিবাদী কাঠামোর প্রসার ঘটিয়েছে।

হাসনাত আরও উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার দাবি তুলে শেখ হাসিনা ও তার সরকার সবসময় সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়েছেন। তবে বর্তমানে মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়া রাজনৈতিক দলগুলোও একই ধারাবাহিকতার পক্ষে অবস্থান নিয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, স্বৈরাচারের মূলে রয়েছে ‘৭২ এর মুজিববাদী সংবিধান। তাই এই সংবিধানকে ছুঁড়ে ফেলে, গণঅভ্যুত্থানের স্পিরিট জাগিয়ে রাখতে হবে এবং একটি নতুন, জনকল্যাণকামী সংবিধান রচনা করতে হবে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com