রাষ্ট্রপতি পদে শূন্যতা চায় না বিএনপি

রাষ্ট্রপতি পদে শূন্যতা চায় না বিএনপি

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

এই মুহূর্তে রাষ্ট্রপতি পদে শূন্যতা সৃষ্টি হলে গণতন্ত্রে উত্তরণের পথ বিলম্বিত হবে বলে মনে করছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বুধবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, এই মুহূর্তে রাষ্ট্রপতি পদে শূন্যতা রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে, সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করবে। এটা জাতির কাম্য নয়।

তিনি বলেন, রাষ্ট্রপতির পদটা একটা সাংবিধানিক পদ, একটা প্রতিষ্ঠান, সর্বোচ্চ সাংবিধানিক পদ। এই পদে হঠাৎ করে পদত্যাগের মাধ্যমে শূন্যতা সৃষ্টি হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, রাষ্ট্রীয় সংকটের সৃষ্টি হবে। রাষ্ট্রীয় সংকট সৃষ্টির মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের পথটা বিলম্বিত বা বাধাগ্রস্ত হওয়া বা কণ্টকাকীর্ণ হওয়া জাতির কাম্য হতে পারে না।

রাষ্ট্রপতি ইস্যুতে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তা মোকাবিলা করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা যাতে কোনরকম ষড়যন্ত্র করে এখানে অন্য কিছুর পাঁয়তারা করতে না পারে, সেজন্য আমরা সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা ঐক্যবদ্ধ আছি। ঐক্যবদ্ধভাবেই সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

এর আগে, দুপুরের দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ।

মূলত অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির চলমান সংলাপের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে জানা গেছে, বৈঠকে প্রধান আলোচনার বিষয়বস্তু ছিল রাষ্ট্রপতি ইস্যু।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com