আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি সন্তোষজনক না হলেও তা উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২০ অক্টোবর) সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটায় অবস্থিত ১৯ আনসার ব্যাটালিয়নের কর্মকর্তাদের সঙ্গে এক দরবারে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির সুযোগ রয়েছে, এবং আনসার বাহিনী এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত ৫ আগস্টের প্রতিকূল পরিস্থিতিতে আনসাররা দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছে, বিশেষ করে দূতাবাস, বিমানবন্দর ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা সুরক্ষায়।”

তিনি আরও বলেন, “অঙ্গীভূত আনসারদের বিভিন্ন সমস্যা সমাধান করা হয়েছে, এবং তারা এখন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে। ভবিষ্যতে আনসারদের আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেওয়া হয়েছে।”

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গে তিনি বলেন, “দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা এবং চলমান ময়মনসিংহ ও শেরপুরের বন্যা পরিস্থিতি মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী। কুমিল্লা দেশের অন্যতম বৃহৎ সবজি উৎপাদনকারী জেলা, যেখানে বন্যার কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সবজির দাম বেড়েছে।”

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহীর নওহাটা ও খড়খড়ি বাজার পরিদর্শন করেন এবং দ্রব্যমূল্যের খোঁজখবর নেন। তিনি ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দেন যাতে বাজারে সিন্ডিকেট ও চাঁদাবাজি না ঘটে। এ ছাড়া চাঁদাবাজি হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com