দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ কর্মকর্তাদের সতর্ক করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ কর্মকর্তাদের সতর্ক করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আালো ডটকম:

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সঠিকভাবে কাজ না করা সরকারি কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, নিয়ম মেনে গণঅভ্যুত্থান হয়নি এবং প্রয়োজন হলে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (১৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিন দিনের বাজার মনিটরিং কার্যক্রমে চট্টগ্রামের অংশগ্রহণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসিফ মাহমুদ সজীব বলেন, “টাস্কফোর্সের প্রতিবেদন অনুযায়ী আমি একদিন চট্টগ্রামের নাম পেয়েছি, বাকি দুইদিনের কোনো রিপোর্ট নেই। ৪০-৪৫টি জেলায় অভিযান চালানো হলেও চট্টগ্রামে কার্যক্রমের ঘাটতি দেখা গেছে, যা আমলাদের সদিচ্ছার অভাব কিংবা সরকারের প্রতি অসহযোগিতার ইঙ্গিত দেয়।”

তিনি আরও বলেন, “আমলারা মনে করেন, ‘জি হুজুর’ বলে চেয়ারে বসে থাকা যথেষ্ট। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা আর চলবে না। কাজ না করলে কিংবা জবাবদিহিতার ব্যর্থতায় আপনাদের প্রয়োজন নেই। নিয়ম-নীতি মেনে সরকার পরিচালিত হবে না যদি আপনারা সহযোগিতা না করেন।”

উপদেষ্টা দৃঢ়তার সঙ্গে জানান, “অবস্থার পরিবর্তন হলে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। বিপ্লবের পর কোনো কিছুই আগের মতো থাকে না, এবং প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক নিয়োগ দেওয়া হবে।”

 

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com