নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সম্প্রতি জাতীয় নির্বাচন নিয়ে গণমাধ্যমে প্রচারিত তার বক্তব্যের বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে বলে গণমাধ্যমে যেভাবে তার বক্তব্য প্রচার হয়েছে, তা পুরোপুরি সঠিক নয়।
শনিবার (১৯ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পেজে ‘নির্বাচন নিয়ে একটি ব্যাখা’ শিরোনামের পোস্টে ড. নজরুল বলেন, নির্বাচনের সময় নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন এবং এটি সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বেই নির্ধারিত হবে। একমাত্র তিনিই এ বিষয়ে ঘোষণা দেওয়ার এখতিয়ার রাখেন।
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক এক টেলিভিশন আলোচনায় তিনি বলেছেন, নির্বাচনের জন্য কিছু ফ্যাক্টর বিবেচনায় রাখা জরুরি, যেমন সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রণয়ন ইত্যাদি। এসব শর্ত পূরণ হলে আগামী বছরের মধ্যে নির্বাচন সম্ভব হতে পারে। তবে তিনি এও স্পষ্ট করেছেন যে, এটি তার প্রাথমিক অনুমান মাত্র।
ড. নজরুল আরও বলেন, “কিছু গণমাধ্যম আমার অনুমানকে নির্বাচনের ঘোষণার মতো করে প্রচার করছে, যা সঠিক নয়।” তিনি বিনয়ের সঙ্গে গণমাধ্যমকে এ ধরনের ভুল ধারণা না ছড়ানোর আহ্বান জানান।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চ্যানেল আইয়ের ‘আজকের পত্রিকা’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, অনেক শর্ত ও ফ্যাক্টর বিবেচনায় রেখে ২০২৫ সালের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব হতে পারে।