তিনদিনের সফরে ঢাকা আসছেন ফলকার টুর্ক 

তিনদিনের সফরে ঢাকা আসছেন ফলকার টুর্ক 

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

তিন দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। সব কিছু ঠিক থাকলে আগামী ২৯ অক্টোবর ঢাকায় পা রাখতে পারেন তিনি। টুর্কের এ সফরে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সর্বশেষ অবস্থা এবং বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলার বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বাসযোগ্য সূত্র জানিয়েছে, ইতোমধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের হাইকমিশনারের দপ্তর এ সফর নিয়ে কাজ শুরু করেছে। পরিকল্পনা অনুযায়ী, ফলকার টুর্ক ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকা সফর করবেন।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, ফলকার টুর্কের ঢাকা সফরের তারিখ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। সফরে তিনি ছাত্র-জনতার আন্দোলন বিগত সরকার কীভাবে দমনের চেষ্টা করেছিল, সে বিষয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের অবস্থা সম্পর্কে খোঁজ নিতে পারেন।

এ ছাড়া বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলার বিষয়ে উভয়পক্ষের নীতিগত সম্মতি রয়েছে। সফরের সময় এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

সফরকালে টুর্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং আরও কয়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়া, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র আরও জানায়, গত সেপ্টেম্বরে টুর্কের ঢাকা সফরের পরিকল্পনা থাকলেও উভয়পক্ষের সময়সূচি মিলাতে না পারায় সফরটি পিছিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফলকার টুর্ক।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com