ক্রীড়া প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
শঙ্কা সত্যি হতে যাচ্ছে। ট্রানজিটে দুবাই থেকে যুক্তরাষ্ট্রের বিমানে উঠছেন সাকিব আল হাসান। দেশে ফেরার জন্য যুক্তরাষ্ট্র থেকে রওনা দিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তা ঝুঁকির কারণে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আজ বৃহস্পতিবার রাত ১১টায় সাকিবের ঢাকায় পৌঁছানোর কথা ছিল। দুপুরের দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট এবং পরিচালকরা সাকিবের নিরাপত্তা নিয়ে একটি জুম মিটিং করেন। মাঠের বাইরে সাকিবের নিরাপত্তা নিয়ে বিসিবিও চিন্তিত। এই মুহূর্তে সাকিব যে সিদ্ধান্ত নেবেন, সেটিতেই বিসিবির সমর্থন থাকবে বলে জানা গেছে।
জুম মিটিং শেষে বিসিবির একজন পরিচালক রাইজিংবিডিকে বলেন, “আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। সিদ্ধান্ত এখন সাকিবের ওপর নির্ভর করছে। মাঠের নিরাপত্তা নিয়ে আমাদের কোনো সংশয় নেই, কিন্তু মাঠের বাইরের বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের। সাকিব যেহেতু বলেছেন, মনে হচ্ছে আর ফিরছেন না।”