স্পোর্টস ডেস্ক | নেত্রকোণার আলো ডটকম:
প্রবল বৃষ্টির কারণে ভেজা মাঠেই খেলতে বাধ্য হলো আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করে লিওনেল মেসির দল। বাংলাদেশের সময় মধ্যরাতে শুরু হওয়া এই ম্যাচে শুরুর দিকেই এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো আর্জেন্টিনাকে।
মাতুরিনে ম্যাচ শুরুর আগে থেকেই ভারী বৃষ্টি হচ্ছিল, যার ফলে মাঠে পানি জমে যায়। এমন প্রতিকূল পরিবেশেও ম্যাচ শুরু হয়। আর্জেন্টিনা শুরুর দিকে আক্রমণাত্মক খেলতে থাকে এবং মেসির ফ্রি-কিক থেকে গোলের সুযোগ তৈরি হয়। ভেনেজুয়েলার গোলরক্ষকের ভুলে বল চলে যায় নিকোলাস ওতামেন্দির কাছে, যিনি কোনো ভুল না করে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
বিরতির পর মাঠের পানি কিছুটা কমে আসলে ভেনেজুয়েলা আক্রমণে জোর দেয়। ৬৫তম মিনিটে বাঁ দিক থেকে আসা একটি ক্রস হেড করে আর্জেন্টিনার জালে পাঠান সলোমন রন্দন, ফলে সমতায় ফেরে ভেনেজুয়েলা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।
না দুই ম্যাচে পয়েন্ট হারালেও আর্জেন্টিনা ৯ ম্যাচে ৬ জয় ও ১ ড্র নিয়ে ১৯ পয়েন্টে টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে, ভেনেজুয়েলা ১১ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে।