আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে ইতিহাসের অনেক বিস্ময়কর নিদর্শন আবিষ্কৃত হয়। প্রাচীন গ্রিস বা রোমের কথা বললেই চোখে ভেসে আসে বিভিন্ন ঐতিহাসিক আবিষ্কার। এমনই এক বিস্ময়কর আবিষ্কারের ঘটনা ঘটেছে তুরস্কে।
দেশটির প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, হাসানকিফ শহরে খননের সময় ১৬০০ বছরের পুরোনো একটি রোমান সামরিক কাঠামোর ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যা ওই অঞ্চলের প্রাচীন ইতিহাসের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
মঙ্গলবার তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
মারদিন প্রদেশের আর্তুকলু বিশ্ববিদ্যালয়ের শিল্প ইতিহাসবিদ জেকাই এরডালের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিক দলটি এই আবিষ্কার করেছে। ধারণা করা হচ্ছে, এই রোমান সামরিক কাঠামোটি মানব সভ্যতার প্রাচীনতম বসতির একটি নিদর্শন।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৪ সালে শুরু হওয়া এই অনুসন্ধানে এর আগে প্রাচীন মেসোপটেমিয়া, অ্যাসিরিয়ান সভ্যতা, বাইজেন্টাইন সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য এবং রিপাবলিকান যুগের বিভিন্ন নিদর্শন আবিষ্কৃত হয়। এবার সেই তালিকায় যুক্ত হল রোমান সাম্রাজ্যের নিদর্শন।
এই বছরের অনুসন্ধানটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি হাসানকিফের একটি দেরী রোমান সামরিক কাঠামোর অস্তিত্ব নিশ্চিত করেছে, যা আগে ঐতিহাসিক সূত্রে উল্লেখ থাকলেও শারীরিকভাবে কখনো অবস্থিত হয়নি।
এ প্রসঙ্গে এরডাল আনাদোলুকে বলেন, “হাসানকিফে পূর্ববর্তী গবেষণায় রোমান সামরিক কাঠামোর কোনো চিহ্ন ছিল না। কিন্তু আমরা সেখানে চতুর্থ শতাব্দীর একটি কাঠামোর ধ্বংসাবশেষ আবিষ্কার করেছি, যা রোমান সম্রাট দ্বিতীয় কনস্টানটাইনের শাসনামলে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।”
রোমান সাম্রাজ্য এক সময় আধুনিক বিশ্বের বিস্ময় ছিল। ইউরোপ ও আফ্রিকার সীমানা ছাপিয়ে এশিয়া পর্যন্ত বিস্তৃত এই সাম্রাজ্যের প্রভাব দীর্ঘস্থায়ী ছিল, যা রোমের গৌরবময় ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে।