অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সাম্প্রতিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে, যার পরিমাণ ১৪ হাজার ৪২১ কোটি টাকা বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ জিডিপির দশমিক ২৬ শতাংশ।
রোববার (৬ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ তথ্য জানান। তিনি বলেন, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি ও বন খাতে, যার পরিমাণ ৫ হাজার ১৬৯ কোটি টাকা। অবকাঠামো খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ হাজার ৬৫৩ কোটি টাকা।
জেলার হিসাবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নোয়াখালীতে, যার ক্ষতির পরিমাণ ৪ হাজার ১৯১ কোটি টাকা। এরপরে কুমিল্লা, যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে ৩ হাজার ৩৯০ কোটি টাকার।
এদিকে, দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি এখনও পুরোপুরি কাটেনি, এরই মধ্যে শেরপুরে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) রাত থেকে টানা ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুরের সদর ও নকলা উপজেলার আরও ১০টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ফলে শেরপুর জেলার ৫ উপজেলার মোট ৩০টি ইউনিয়ন বন্যার পানিতে ডুবে গেছে।
এতে অন্তত ২ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন। নালিতাবাড়ী ও ঝিনাইগাতীতে বন্যার পানিতে ডুবে দুই ভাইসহ এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে।