মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকায়, স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকায়, স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা

আনোয়ার ইব্রাহিমকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানান ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায় এসে পৌঁছেছেন।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান।
পরে বিমানবন্দরে আনোয়ার ইব্রাহিমকে গার্ড অব অনার দেওয়া হয়। সফর শেষ করে আজই তার ফিরে যাওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মালয়েশিয়ার মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে রয়েছেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি বিদেশি কোনও সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ইন্টার কন্টিনেন্টালে নিয়ে যাওয়ার কথা। সেখানে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক করবেন।
পরবর্তীতে, দুই নেতা দ্বিপক্ষীয় পর্যায়ে আলোচনা করবেন যেখানে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম অভিবাসন, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামোগত উন্নয়ন ও প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিস্তৃত বিষয়গুলো প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com