নিষিদ্ধ ছাছাত্রলীগ : সভাপতি সাদ্দামের প্রতিক্রিয়া

নিষিদ্ধ ছাছাত্রলীগ : সভাপতি সাদ্দামের প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়।

প্রজ্ঞাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, “আমরা মনে করি- এই সরকারের আইনগত, গণতান্ত্রিক ও নৈতিক বৈধতা নেই। যাদের নিজেদেরই বৈধতা নেই, তাদের এই হাস্যকর কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ চিন্তিত নয়।”

তিনি আরও বলেন, “এই সরকারের হাতে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী এবং পুলিশের রক্তের দাগ লেগে রয়েছে। নিজেদের গণহত্যার দায় আমাদের ওপরে চাপানোর জন্যেই এই সিদ্ধান্ত তারা নিয়েছে।”

সাদ্দাম হোসেন এও জানান, “যেই সরকারের বৈধতা নেই, তাদের নিষিদ্ধ ঘোষণায় আমাদের কার্যক্রম বন্ধ থাকবে না। ছাত্রলীগ তার সকল কার্যক্রম অব্যাহত রাখবে।” এছাড়া, তিনি বর্তমান সরকারকে “জামায়াত-রাজাকারদের সরকার” বলেও আখ্যায়িত করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ে বিশেষ করে বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে ছাত্রলীগ বিভিন্ন হত্যাকাণ্ড, নির্যাতন, গণরুমে নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ বিভিন্ন জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। এছাড়া সংগঠনটির বিরুদ্ধে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ১৫ জুলাই ২০২৪ থেকে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা নিরপরাধ শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর সশস্ত্র আক্রমণ চালিয়ে শতশত মানুষকে হত্যা করেছে এবং অসংখ্য মানুষকে আহত করেছে। এছাড়া, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও ছাত্রলীগ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল।

প্রজ্ঞাপনে ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’-এর ধারা ১৮ এর উপ-ধারা (১) অনুযায়ী ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং সংগঠনটিকে তালিকাভুক্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com