নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
বিএনপির ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের একাধিক শীর্ষ নেতা। নতুন কমিটিতে পদ পাওয়ার আশায় ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে।
শীর্ষ নেতারা জানিয়েছেন, কারা নেতৃত্বে আসবেন তা নিয়ে এখনো কাজ চলছে। বিএনপির হাইকমান্ড যেকোনো মুহূর্তে কমিটি ঘোষণা করতে পারে।
তৃণমূলের নেতা-কর্মীদের দাবি, যাদের সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা এবং স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, জনগণের জানমাল ও সম্মান যাদের কাছে নিরাপদ—তাদেরই নেতৃত্বে আনা উচিত। তারা আশা করছেন, বিএনপির হাইকমান্ড সব দিক বিবেচনা করে নেতৃত্ব নির্ধারণ করবে।
তারা আরও বলেন, প্রতিযোগিতা দলের রাজনীতির অংশ হলেও অসুস্থ প্রতিযোগিতা কাম্য নয়। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে, যা দলের জন্য ক্ষতিকর। দলের জন্য এমন কাউকে নেতৃত্বে আনা উচিত, যিনি তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে বিএনপিকে আরও সুসংগঠিত করতে পারবেন।
জ্যেষ্ঠ নেতাদের মতে, ঢাকা মহানগর দক্ষিণে অনেক দক্ষ নেতা রয়েছেন, কিন্তু উত্তরে তুলনামূলকভাবে নেতা কম। সেক্ষেত্রে দক্ষ নেতার হাতেই নেতৃত্ব তুলে দিতে হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বিলুপ্ত উত্তরের কমিটির অনেক নেতাকেই জাতীয় নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। অনেকেই আবার নতুন কমিটিতে ফেরার জন্য তদবির করছেন।
উত্তরের নেতৃত্বে সাবেক আহ্বায়ক ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব এবং দুইবারের সাবেক সদস্যসচিব আমিনুল হক আলোচনায় রয়েছেন। এছাড়া সভাপতি বা আহ্বায়ক পদে আলোচনায় রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, সাবেক সভাপতি এমএ কাইয়ুম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবং এ জি এম শামসুল হক।
সাধারণ সম্পাদক বা সদস্যসচিব পদে আলোচনায় আছেন আহসান উল্লাহ চৌধুরী হাসান, ফয়েজ আহমেদ ফরু, এম কফিলউদ্দিন আহমেদ, এস এম জাহাঙ্গীর, শফিকুল ইসলাম মিল্টন, ফখরুল ইসলাম রবিন, গোলাম কিবরিয়া মাখন এবং এ বিএম রাজ্জাক।
ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মতি জানান, নেতা-কর্মীরা এমন একজন নেতৃত্ব চান যিনি দক্ষ ও স্বচ্ছ এবং বিএনপিকে সুসংগঠিত করতে সক্ষম।
সভাপতি পদপ্রার্থী সাইফুল আলম নীরব বলেন, “আমি কনভেনার ছিলাম, তাই সভাপতি পদে আশাবাদী। তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত।”
সাবেক সদস্যসচিব আমিনুল হক বলেন, “আমি অতীতে দলকে সংগঠিত করার জন্য কাজ করেছি এবং ভবিষ্যতেও দলের সিদ্ধান্তকে মেনে নেব। আশা করি, যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।”
কফিলউদ্দিন আহমেদ বলেন, “আমি দীর্ঘ তিন যুগ ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। দলের নেতা-কর্মীদের পাশে থেকেছি, আশা করি দল তা বিবেচনা করে আমাকে মূল্যায়ন করবে।”
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, নতুন কমিটি গঠনের কাজ চলছে এবং শিগগিরই তা ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর গভীর রাতে আড়াই মাসের মাথায় কোনো কারণ উল্লেখ না করে সাইফুল আলম নীরব ও আমিনুল হকের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।