গাজায় ইসরাইলি গণহত্যা মানবতার জন্য লজ্জাজনক: এরদোগান

গাজায় ইসরাইলি গণহত্যা মানবতার জন্য লজ্জাজনক: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, গাজায় ইসরাইলি বাহিনী যে বর্বরোচিত গণহত্যা চালাচ্ছে, তা মানবতার জন্য চরম লজ্জার বিষয়। বৃহস্পতিবার (১০ অক্টোবর) আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। – খবর এএফপির।

এরদোগান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের অবশ্যই অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে হবে এবং ইসরাইলের ওপর প্রয়োজনীয় চাপ প্রয়োগ করতে যথাসাধ্য চেষ্টা করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, “গত এক বছর ধরে গাজায় যে গণহত্যা চলছে, তা সমগ্র মানবতার জন্য লজ্জার।”

সংবাদ সম্মেলনে এরদোগান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ হিসেবে আখ্যা দেন এবং তাকে নাৎসি জার্মানির অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন। এরদোগান বলেন, “নেতানিয়াহু সরকারের নেতৃত্বে গাজার এই আগ্রাসন এখন বিশ্বব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এ হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদসহ হাজারো ভবন ধ্বংস হয়েছে। নিহতের সংখ্যা ৪২ হাজার ৬৫ জন ছাড়িয়েছে, এবং আহত হয়েছেন আরও ৯৭ হাজারের বেশি ফিলিস্তিনি।

ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের সংকটের কারণে পুরো গাজা এখন চরম মানবিক বিপর্যয়ের মুখে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com