অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই আলোচনায় ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগার এই ব্যাটারের ব্যাটিংটা ঠিক টি-টোয়েন্টি সুলভ নয় বলেও কম সমালোচনা হচ্ছিল না। যে কারণে ভারতের বিপক্ষে চলমান সিরিজের দলে তাকে দেখেও অনেকে অবাক হয়েছিলেন। এরই মধ্যে শোনা যাচ্ছিল, ভারত সিরিজেই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বিদায় বলে দেবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

অবশেষে আজ মঙ্গলবার দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেরদিন অবসরের ঘোষণা দিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

সূত্র জানিয়েছে, ভারত সিরিজে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত মাহমুদউল্লাহর আরও আগেই নেওয়া। এ ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন বিসিবির শীর্ষ পর্যায়কে। বিসিবিও তার মাঠ থেকে বিদায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।

২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, তার অধিনায়কত্বে বাংলাদেশ দল খেলেছে ২০২১ সালের আমিরাত বিশ্বকাপে। অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ জয় পেয়েছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com