ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জামায়াত আমির

ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মানবাধিকার ও জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মপরিষদের এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
তিনি আরও বলেন, ‘দেশে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদসহ সকল শ্রেণিপেশার মানুষকে জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা অন্তরে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘সাড়ে ১৫ বছর স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ তীব্র গণআন্দোলনের মাধ্যমে হাজারো প্রাণের বিনিময়ে দেশ স্বৈরশাসনের কবল থেকে মুক্তি লাভ করেছে। হাজার হাজার লোক আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। এখনো অনেকে চিকিৎসাধীন। চিকিৎসাধীন অবস্থায় অনেকের মৃত্যু হচ্ছে। যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন। আমি নিহত ও আহতদের পরিবার এবং আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
এ সময় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে ডা. শফিকুর রহমান ২০২৫-২০২৬ কার্যকালের জন্য নির্বাচিত জেলা ও মহানগরী আমিরদের নাম ঘোষণা করেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com