নেত্রকোণার আলো ডেস্ক:
সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টিভির চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কাফরুল থানায় দুটি হত্যা মামলা রয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা কামাল।
ওসি গোলাম মোস্তফা কামাল জানান, এসএস অ্যাগ্রো কমপ্লেক্সের মালিক এবং ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের মতো কামাল আহমেদ মজুমদারও আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ওসি আরও বলেন, তাকে কাফরুল থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।
উল্লেখ্য, কামাল আহমেদ মজুমদার সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় শিল্প প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ১৯৯৬, ২০০৯ এবং ২০১৪ সালেও আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কামাল আহমেদ মজুমদার মোহনা টিভির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।