সিনওয়ারকে হত্যার পরও থেমে নেই ইসরাইলি বর্বরতা , ৩৩ ফিলিস্তিনি নিহত

সিনওয়ারকে হত্যার পরও থেমে নেই ইসরাইলি বর্বরতা , ৩৩ ফিলিস্তিনি নিহত

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণারা আলো ডটকম:

বেসামরিক নাগরিকদের ওপর নিষ্ঠুর হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইলি সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যায় উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ২১ জন নারী এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই আটকা পড়ায় মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বোমা হামলায় আহত হয়েছেন ৮৫ জনেরও বেশি মানুষ, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইসরাইলি সেনাবাহিনী জাবালিয়া ক্যাম্পের বেশ কয়েকটি বাড়িতে বোমাবর্ষণ করেছে। তবে এ হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এতে প্রায় ১,২০০ ইসরাইলি নিহত হয় এবং হামাস প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায়। এর পাল্টা জবাবে ইসরাইল টানা এক বছরেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় সামরিক অভিযান পরিচালনা করছে।

এদিকে, গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫০০ জনে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

 

 

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com