আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর হামলার সময় তাদের মনে হয়েছিল শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর সপ্তাহব্যাপী হামলার কারণে হাজার হাজার মানুষ জাবালিয়া শরণার্থী শিবিরে আটকা পড়েছে। অব্যাহত বিমান হামলার ফলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।
গত এক বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত সেখানে ৪২ হাজার ১২৬ জন নিহত এবং ৯৮ হাজার ১১৭ জন আহত হয়েছেন।
এদিকে, দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ব্লু হেলমেট) সদর দপ্তরে ইসরায়েলি বাহিনীর হামলায় দুইজন শান্তিরক্ষী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) এই হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় তীব্র নিন্দা জানিয়েছে। বিশেষ করে, জাতিসংঘ মিশনে অংশ নেওয়া ইউরোপীয় দেশগুলো এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
ইসরায়েল স্বীকার করেছে যে, তাদের সেনাবাহিনী ওই এলাকায় গুলি চালিয়েছে। তবে তারা দাবি করেছে, হিজবুল্লাহর সশস্ত্র সদস্যরা জাতিসংঘের ঘাঁটির কাছে অবস্থান করছিল। ইতালি ইসরায়েলের এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে, আর যুক্তরাষ্ট্রও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
লেবাননে জাতিসংঘের অভ্যন্তরীণ বাহিনী (ইউএনআইএফআইএল) জানিয়েছে, ইসরায়েলের একটি মেরকাভা ট্যাংক থেকে ছোড়া গোলা দক্ষিণ লেবাননের নাকুরায় তাদের সদর দপ্তরের একটি পর্যবেক্ষণ টাওয়ারে আঘাত হানে। এতে দুইজন ইন্দোনেশীয় শান্তিরক্ষী আহত হন, তবে তাদের অবস্থা গুরুতর নয়।