ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি–অনিয়মের অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু

ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি–অনিয়মের অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি: ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, গ্রেফতার বাণিজ্য ও মামলা বানিজ্যের অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তিনি থানায় যোগদানের পর থেকেই একের পর এক অভিযোগের সৃষ্টি করেন বলে স্থানীয়রা জানান।

অভিযোগ রয়েছে, ভারতীয় গরু আটক করে গোপনে বিক্রি, মাদক ও জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করে ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া, মাদক ও জুয়া প্রতিরোধের নামে ৪ যুবককে আটক করে মামলার ভয় দেখিয়ে এসআই জাহিদের মাধ্যমে অর্থ আদায়, চাঁদাবাজির মামলায় সম্মানিত ব্যক্তিদের হয়রানি, অর্থের বিনিময়ে মিথ্যা মামলায় গ্রেফতার ও নির্যাতন।

এলাকাবাসী অভিযোগ করছে—প্রতিটি মামলার জন্য ওসি আল হেলাল মাহমুদকে ১০ হাজার টাকা ঘুষ দিতে হয়। টাকা দিলে তদন্ত ছাড়াই মামলা রেকর্ড হয়ে যায়; আর টাকা না দিলে হয়রানি ও হেনস্তা করা হয়।
তার অপসারণের দাবিতে ভুক্তভোগী নাগরিকরা বাংলাদেশ প্রেসক্লাবের প্যাডে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ও ডিআইজি–রংপুর রেঞ্জের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতেই ইতোমধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

ধান ব্যবসায়ী আজিজুল ইসলাম বলেন,“ওসি আল হেলাল মাহমুদের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। তার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।” অন্যদিকে অভিযোগ বিষয়ে জানতে চাইলে ওসি আল হেলাল মাহমুদ বলেন, “স্থানীয় সব সাংবাদিকই আমার কাছে আসে। আমি তাদের সহযোগিতা করি। আপনার একটা বিকাশ নম্বর দিন, সম্মানী পাঠিয়ে দিচ্ছি।”

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com