অনলাইন ডেস্ক: পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার ভ্যাটিকানের একটি ভিডিও বার্তায় তার মৃত্যুর কথা জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ভ্যাটিক্যানের ওই ভিডিও বার্তায় জানানো হয়েছে, সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে (স্থানীয় সময় অনুসারে) ভ্যাটিক্যানে তার বাসভবন কাসা সান্টা মার্টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ। ভ্যাটিক্যানের টেলিভিশন চ্যানেলে কার্ডিনাল কেভিন ফারেল বলেন, গভীর দুঃখের সঙ্গে আমাকে আমাদের পবিত্র ফাদার ফ্রান্সিসের মৃত্যুর কথা ঘোষণা করতে হচ্ছে।
রবিবারই খ্রিস্টান ক্যাথলিক ধর্মালবলম্বীদের উদ্দেশে ইস্টারের বার্তা দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনি থেকে নিজের বার্তা শুনিয়েছিলেন তিনি। তার কথা শোনার জন্য ভ্যাটিক্যান স্কোয়ারে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া-সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি।
হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছিল। সম্প্রতি রোমের গেমেলি হাসপাতাল থেকে ছাড়া পান রোমান ক্যাথলিক গির্জার প্রধান। তারপর থেকে ভ্যাটিক্যানে নিজের বাসভবনেই থাকছিলেন তিনি। সোমবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ।