অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিচারের নামে কারও ওপর জুলুম চায় না জামায়াতে ইসলামী, কিন্তু যারা বিচার বহির্ভূত হতাকাণ্ডে জড়িত জনগণ তাদের কখনো ক্ষমা করবে না, অবশ্যই তাদের বিচার হতে হবে। শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নবনির্বাচিত আমির নুরুল ইসলাম বুলবুলের শপথ গ্রহণ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভিন্ন দল-মত থাকলেও জাতীয় ইস্যুতে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা বিচারের নামে কারও ওপর জুলুম চাই না। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গড়তে যুবকদের হাতে দেশ তুলে দিতে চাই।তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি উদার আহ্বান জাতীয় স্বার্থটাকে ঊর্ধ্বে তুলে ধরি। দলমত মতাদর্শ ভিন্ন ভিন্ন হলেও জাতীয় স্বার্থে আমরা এক ও অভিন্ন হয়ে কাজ করি। এখন সবার ঐক্য খুব জরুরি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সিন্ডিকেটকে দায়ী করে জামায়াতের আমির বলেন, সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে সরকারের প্রতি আহ্বান জানাই। এ সময় শ্রমিক আন্দোলনের নামে কেউ যাতে বাড়াবাড়ি না করে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ কষ্ট রয়েছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতেই হবে। সরকার উদ্যোগ নিলে জনগণ পাশে থেকে সাহায্য করবে।