কাশিমপুর কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

গাজীপুর, নেত্রকোণার আলো ডটকম:
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. ইকবাল হোসেনকে গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন (৩৮) গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার হাসেন আলী ডাক্তারের ছেলে।
র‍্যাব কর্মকর্তা জানান, ০৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে কারাবন্দিরা মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা-হাঙ্গামা শুরু করে এবং কারাগারের ভেতরে ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। এ সময় কারাবন্দিরা ভবনের বাইরে বের হয়ে ভাঙচুর, দাঙ্গা-হাঙ্গামা এবং অগ্নিসংযোগ করে। নিহত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী মো. ইকবাল হোসেন কারাভ্যন্তরে বৈদ্যুতিক পিলার ভেঙে মই বানিয়ে বাউন্ডারির উপর দিয়ে কারাগারের পশ্চিম দিক দিয়ে পালিয়ে যায়।
এই ঘটনার পর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মো. লুৎফর রহমান কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর র‍্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে। মঙ্গলবার সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানাধীন রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com