জেলেনস্কিকে স্বৈরশাসক বললেন ট্রাম্প

জেলেনস্কিকে স্বৈরশাসক বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:  ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলে আখ্যায়িত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বিভেদ আরো বাড়ল। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে তার আর কোনো দেশ থাকবে না।’ ইউক্রেনের ২০১৯ সালের নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হয়েছিলেন জেলেনস্কি। এর মাত্র তিন বছরের মাথায় ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালায় রাশিয়া। গত বছর তার প্রেসিডেন্সির মেয়াদ শেষ হয়েছে।

তবে ইউক্রেন রাশিয়ায় সঙ্গে যুদ্ধরত থাকায় সেখানে আপাতত সামরিক শাসন জারি রয়েছে। ফলে মেয়াদ শেষ হলেও তিনি প্রেসিডেন্ট হিসেবে রয়ে গেছেন। এ ছাড়া ইউক্রেনে যুদ্ধ চলার সময় নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা নেই।জেলেনস্কিকে স্বৈরাচার বলা ছাড়াও ‘কৌতুক অভিনেতা’ হিসেবেও উল্লেখ করে কটাক্ষ করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘সফল কৌতুক অভিনেতা, ভলোদিমির জেলেনস্কি, ভাবুন যুক্তরাষ্ট্র ৩৫০ বিলিয়ন ডলার খরচ করে একটি যুদ্ধে যুক্ত হয়েছে, যেটি কখনো জেতা যাবে না। যেটি কখনোই শুরু হওয়া উচিত ছিল না। এটি এমন যুদ্ধ যা জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে ছাড়া কখনো সমাধান করতে পারবে না।’

ট্রাম্প আরও লিখেছেন, ‘আমি ইউক্রেনকে ভালোবাসি, কিন্তু জেলেনস্কি (ইউক্রেনের) ক্ষেত্রে ভয়াবহ কাজ করেছেন। তার দেশ ধ্বংস হয়ে গেছে। লাখ লাখ মানুষ অপ্রয়োজনে মারা গেছে। আর এই মৃত্যু অব্যাহত আছে।’ এর আগে গত মঙ্গলবার ট্রাম্প এক সংবাদ সম্মেলন করে জেলেনস্কির সমালোচনা করেন। রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে নিজের মালিকানাধীন মার-এ-লাগো রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে। ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমার এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আছে। আমার মনে হয়, যুদ্ধ শেষ করা–সংক্রান্ত আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। কিন্তু আমি আজ ইউক্রেনের নেতাদের বলতে শুনেছি, আহা, আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। ভালো কথা, আমি বলতে চাই, আপনারা সেখানে তিন বছর ছিলেন। আপনাদের এটা শেষ করা দরকার ছিল।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com