সাবেক এমপি কালামের মুক্তি ঠেকাতে কারাফটকে লাঠিসোঁটা নিয়ে অবস্থান

সাবেক এমপি কালামের মুক্তি ঠেকাতে কারাফটকে লাঠিসোঁটা নিয়ে অবস্থান

নিজস্ব  প্রতিবেদক: জামিনে মুক্তির পর আবার আটক হয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বুধবার রাত ৮টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর কারাফটকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে আটক করে নিয়ে যান। এর আগে সাবেক এমপি কালামের জামিনের খবর জানাজানি হলে বিকেল থেকেই কারাগারের সামনের সড়কে অবস্থান নেন ছাত্রদল-যুবদলসহ প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। তাদের হাতে লাঠিসোঁটা ও ইটপাটকেল দেখা গেছে।

এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান জড়ো হওয়া নেতা-কর্মীরা। এক যুবদল কর্মী বলেন, ‘এখনো রক্তের দাগ শুকায়নি, কিন্তু আওয়ামী লীগের সাবেক এমপিদের জামিন হয়ে যাচ্ছে। এই কালাম বাগমারার মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। তার যদি কপাল ভালো হয়, তাহলে সে পুলিশের হেফাজতেই থাকবে। আর যদি কালামের কপাল খারাপ হয়, তাহলে সে বাইরে আসবে।’

তবে আগে থেকেই বাইরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। রাত ৮টার দিকে কারাগারের প্রধান ফটক থেকে বের হন কালাম। পরে ডিবি পুলিশের সঙ্গে হেঁটে কারাগারের বাইরের ফটকের কাছে আসেন। এ সময় বাইরে অপেক্ষমাণ ডিবি পুলিশের একটি জিপে তাঁকে ওঠানো হয়। এ সময় আবুল কালামকে উদ্বিগ্ন ও বিমর্ষ দেখা গেছে।

গাড়িতে ওঠানোর সময় প্রতিপক্ষের নেতা-কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এই সময় ডিবি পুলিশের এক সদস্য বলতে থাকেন, এটা পুলিশের গাড়ি। এরপরও তাঁরা গাড়িটি আটকে দেওয়ার চেষ্টা করেন। অনেকে গাড়ির সামনে দাঁড়িয়ে যান। দু-একজন ইটপাটকেলও ছোড়েন। গাড়ির বাইরে থাকা পুলিশ সদস্যরা নেতা-কর্মীদের সরিয়ে দিলে দ্রুত গাড়িটি ডিবি কার্যালয়ে চলে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারের একজন ডেপুটি জেলার জানান, বাগমারা থানার দুটি মামলায় কারাগারে বন্দী ছিলেন আবুল কালাম আজাদ। হাইকোর্টে তিনি দুটি মামলাতেই জামিন পেয়েছেন। বুধবার জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তাঁর মুক্তির প্রক্রিয়া শুরু হয়। তবে বিষয়টি বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছিল।

ওই জেলার আরও জানান, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে বাগমারা থানায় দায়ের হওয়া দুটি মামলায় কারাগারে ছিলেন কালাম। এর বাইরে তাঁর নামে অন্য কোনো মামলা আছে কি না, তা তাঁদের জানা নেই। অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় তাঁকে মুক্তি দেওয়া হয়।

রাজশাহী ডিবি পুলিশের পরিদর্শক আরিফ আলী বলেন, কারাগারের সামনে থেকে সাবেক এমপি আবুল কালাম আজাদকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা জানতে চাইলে আরিফ আলী বলেন, এটা পরে জানানো হবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার এমপি নির্বাচিত হন আবুল কালাম আজাদ। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে গত ২ অক্টোবর রাতে র‍্যাব-৪ ও র‍্যাবের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com