দু-একদিনের মধ্যে সুখবর আসছে : জামায়াত আমির

দু-একদিনের মধ্যে সুখবর আসছে : জামায়াত আমির

অনলাইন  ডেস্ক: দেশবাসী আগামী দু-একদিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সংলাপের বিষয়ে জামায়াতের আমির বলেন, অপপ্রচার মোকাবিলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব।

তিনি বলেন, আমরা কারও পাতা ফাঁদে পা দেব না। কারও কাছে মাথা নত করব না, আবার সীমা লঙ্ঘনও করব না। দু-একদিনের মধ্যে সুখবর পাবেন আশা করি। ডা. শফিকুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা ঐক্যবদ্ধ। এর আগে, বিকেল সোয়া ৪টার দিকে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিকেল সাড়ে ৩টা থেকে ফরেন সার্ভিস একাডেমিতে আসতে থাকেন রাজনৈতিক দলগুলোর নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়।

অন্য সদস্যরা হলেন ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।অন্যদিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। এছাড়া অন্য কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিও সংলাপে অংশ নেন। তবে সংলাপে জাতীয় পার্টিকে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে। এর আগে, সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com