জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার লিভ টু আপিলের আদেশ সোমবার

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার লিভ টু আপিলের আদেশ সোমবার

অনলাইন ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১০ বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের আদেশের জন্য আগামীকাল সোমবার (১১ নভেম্বর) দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আজ রোববার (১০ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

দুদকের আইনজীবী জানান, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ একাউন্টেই জমা রয়েছে। সেই অর্থ হাতবদল বা চেক হস্তান্তরের ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। এদিকে খালেদা জিয়ার আইনজীবী বলেন, খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতেই এই রায় দেয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। পাশাপাশি অন্য পাঁচ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অরফানেজ ট্রাস্টের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এই কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান।

এছাড়া, এই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ অপর আসামিদের প্রত্যেককে ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়। এই মামলায় বাকি চার আসামি হলেন সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এদের মধ্যে তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক রয়েছেন।

এরপর সেই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়াসহ তিন আসামি। পরে ২০১৮ সালের ৩০ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন। তারপর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। আগামীকাল সোমবার (১১ নভেম্বর) সেই আপিলের আদেশ দেবেন প্রধান বিচারপতি নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com