নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে। আজ রোববার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি।
এর আগে গত ২০ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় মোশাররফ হোসেনসহ ৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, গত ৫ অক্টোবর মির্জা ফখরুল চট্টগ্রামে যাওয়ার পথে বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকায় অবস্থানরত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এ হামলায় মন্ত্রীর নির্দেশে লোহার রড, রাম দা, কিরিচ, এবং লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়িবহর ও নেতাকর্মীদের ওপর আক্রমণ করা হয়। এতে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরসহ ৫ লাখ টাকার ক্ষতি হয় এবং দুইজন গুরুতর আহত হন।