নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে পুরাতন মোটরযান নিষিদ্ধ করতে ছয় মাসের সময়সীমা নির্ধারণ করেছে সরকার। এই সময়ের মধ্যে মোটরযান মালিকরা তাদের পুরাতন গাড়িগুলোকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিবর্তন করার পদক্ষেপ নিতে হবে। বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে আয়োজিত একটি আলোচনা সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রিজওয়ানা হাসান বলেন, “পুরাতন মোটরযান অপসারণের ফলে ঢাকার বায়ুর মান উন্নত হবে, যা নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে। ব্যবস্থা না নিলে ঢাকায় শ্বাস নেওয়ার মতো বাতাস থাকবে না। সরকার এমনভাবে কাজ করবে যাতে দূষণ কমে এবং জনদুর্ভোগ না হয়।”
ডিসেম্বর মাস থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে ক্যাম্পেইন শুরু করার ঘোষণাও দিয়েছেন তিনি। এছাড়াও, সংশ্লিষ্ট আইন সংশোধন করে পুলিশকে জরিমানা করার ক্ষমতা দেওয়া হবে, এবং এই জরিমানার টাকা ব্যাংকে জমা করতে হবে। এতে হর্ন বাজানো কমবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, সরকার পুরাতন মোটরযান অপসারণের জন্য একটি কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করবে, যা যানজট এবং দূষণ কমাতে সহায়ক হবে। তিনি আরও আশ্বস্ত করেন, দূষণ কমানোর পাশাপাশি জনদুর্ভোগও প্রশমিত করার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।