রিমান্ড শেষে কারাগারে সালমান এফ রহমান

রিমান্ড শেষে কারাগারে সালমান এফ রহমান

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দোহার থানার শাহজাহান মাঝি হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার সাব-ইন্সপেক্টর ওমর ফারুক রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। গত ২ অক্টোবর এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট দুপুরে দোহার থানাধীন করম আলী মোড়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাহজাহান মাঝিসহ অনেকে আহত হন। পরে তিনি দোহার থানায় মামলা করেন।
গত ১৩ আগস্ট সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা মহানগরের কোতয়ালী থানাধীন সদরঘাটস্থ মসজিদ ঘাট হইতে বিজিবি এবং কোস্ট গার্ড-এর সহায়তায় বর্ণিত সালমান এফ রহমানকে আটক করা হয়।
পরদিন সালমান এফ রহমান ও আনিসুল হক নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে গত ২৪ আগস্ট লালবাগ ও নিউমার্কেট থানার পৃথক দুই হত্যা মামলায় তাদের পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com