নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
সংবিধানের বহুল আলোচিত ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রোববার (২০ অক্টোবর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আইনজীবীরা জানান, সংবিধানের ষোড়শ সংশোধনী, যা বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে দেয়, সেটি বাতিল ঘোষণা করে রিভিউ আবেদনের পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। এর ফলে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা এখন থেকে ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’-এর হাতে ফিরে এসেছে।
এর আগে, ২০১৪ সালে বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে নিতে ষোড়শ সংশোধনী আনা হয়। কিন্তু এর বৈধতা নিয়ে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ৫ মে হাইকোর্টের বিশেষ বেঞ্চ সংশোধনীটি অবৈধ ঘোষণা করে। ২০১৭ সালে আপিল বিভাগ ওই রায় বহাল রাখে। পরে রাষ্ট্রপক্ষ রায়ের রিভিউ আবেদন করে, তবে দীর্ঘ আট বছরেও তার শুনানি শুরু হয়নি। অবশেষে অন্তর্বর্তী সরকার আসার পর গত ১৫ আগস্ট প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ আজকের শুনানির দিন ধার্য করে রিভিউ আবেদনটি শুনানি শেষে নিষ্পত্তি করে।
উল্লেখ্য, ১৯৭২ সালের মূল সংবিধানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ছিল। ১৯৭৫ সালের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে স্থানান্তরিত হয়। এরপর ১৯৭৭ সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা দেওয়া হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে। তবে ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার ষোড়শ সংশোধনীর মাধ্যমে এটি আবারও সংসদের হাতে ফিরিয়ে নিয়েছিল।