আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নিয়োগে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নিয়োগে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গত ১৫ বছর ধরে নিয়োগ দেওয়া হয়েছে। কিছু মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, কিন্তু যারা দলীয় বিবেচনায় চাকরি পেয়েছেন, তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।”

আজ শনিবার দুপুরে রাজশাহী বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গেল ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাহিনীতে ১৮৭ জন পুলিশ কর্মকর্তা যোগদান করেনি। তারা আর পুলিশ নয়, তারা সন্ত্রাসী। তাদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য বিদ্যমান চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। তবে অনুসন্ধানী সাংবাদিকরা তাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়ারও ঘোষণা দেন তিনি।

এই সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভূঁইয়া এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com