নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
বিদ্যুৎখাতকে অস্থিতিশীল করার অভিযোগে পৃথক দুটি রাষ্ট্রদ্রোহ ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) দুই কর্মকর্তার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান এই রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (আইটি) এস কে শাকিল আহমেদ (৩১)।
মামলার তদন্তকারী কর্মকর্তা, খিলক্ষেত থানার পরিদর্শক আশিকুর রহমান দেওয়ান প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এর আগে, গতকাল শুক্রবার একই মামলায় মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার রাজন কুমার দাস, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান ভূঁইয়া, কুমিল্লার ডেপুটি জেনারেল ম্যানেজার দীপক কুমার সিংহ, মাগুরার শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রাহাত, নেত্রকোনার সহকারী জেনারেল ম্যানেজার মনির হোসেন এবং সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বেলাল হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
বিদ্যুৎখাতকে অস্থিতিশীল করার অভিযোগে গত ১৭ অক্টোবর খিলক্ষেত থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক প্রশাসন (আইন শাখা) আরশাদ হোসেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৮ জানুয়ারি থেকে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় বিপথগামী কর্মকর্তা/কর্মচারী একত্রিত হয়ে কেন্দ্রীয় কমিটি পরিচয়ে পরস্পর যোগসাজশে বিদ্যুৎখাতকে অস্থিতিশীল করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত হয়ে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালাচ্ছে।
এছাড়া, তাদের কার্যকলাপ অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার অপচেষ্টা এবং বিদ্যুৎ ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টির মাধ্যমে জনমনে ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাইছে, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে উল্লেখ করা হয়।