নির্বাচনের আগে সংস্কার চায় গণফোরাম

নির্বাচনের আগে সংস্কার চায় গণফোরাম

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে গণফোরাম। এ সময় নির্বাচনের আগে সংস্কারের গুরুত্ব তুলে ধরেছে দলটি।

শনিবার (১৯ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত সংলাপ শেষে বেরিয়ে গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মহসীন মন্টু এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা সুনির্দিষ্ট কোনও সময় নির্ধারণ করিনি। তবে অতি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের কথা বলেছি। নির্বাচনের আগে সংস্কার করা আবশ্যক; সংস্কারের আগে নির্বাচন হতে পারে না। কারণ, ক্ষমতায় গেলে আমরা সবাই রাবণ হয়ে যাই।”

এছাড়া, গণফোরামের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে আরও কিছু দাবি পেশ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে হবে।
পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দক্ষ লোকজন দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে।
ড. কামাল হোসেনের পক্ষ থেকে সংবিধান, বিচার বিভাগ, এবং আইনশৃঙ্খলার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান দলের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু। তিনি বলেন, “বাজার পরিস্থিতি নিয়ে আমরা জোর দিয়েছি এবং সিন্ডিকেট ভাঙতে হবে।”

মন্টু আরও বলেন, “পতিত স্বৈরাচার ও তাদের বিদেশি এজেন্টরা বাংলাদেশকে ধ্বংসের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এ থেকে উদ্ধারের জন্য আমাদের সবাইকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সংবিধান সংশোধনের জন্য প্রস্তাব দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “দু-এক দিনের মধ্যে আলোচনা করে লিখিত আকারে দেব।”

এছাড়া, আটটি দিবস বাতিল করার বিষয়ে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতীয় দিবস ছাড়া কোনও দিবসই রাখা উচিত নয়।”

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com