আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে নিহত হয়েছেন হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার। ইসরায়েল প্রথমে তার মৃত্যুর খবর নিশ্চিত না করলেও আজ শুক্রবার জানায়, তাদের অভিযানে এই শীর্ষ নেতার মৃত্যু হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) মুখপাত্র অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি তার হত্যার বিস্তারিত বর্ণনা করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০১৭ সাল থেকে গাজার হামাসের নেতৃত্ব দিচ্ছিলেন সিনওয়ার। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতে, গত ৭ অক্টোবরের হামলার প্রধান পরিকল্পনাকারী ছিলেন তিনি। ওই হামলায় হামাসের বন্দুকধারীরা প্রায় ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, বুধবার গাজার রাফাহ শহরের একটি ভবনে অভিযান চালিয়ে সিনওয়ারসহ তিনজনকে হত্যা করা হয়। ভবনটি হামাসের সিনিয়র নেতারা ব্যবহার করতেন বলে ধারণা করা হয়। ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে যে অভিযানের সময় কোনো জিম্মি উপস্থিত ছিল না, যদিও সিনওয়ারকে জিম্মিদের সঙ্গে ভ্রমণ করার গুঞ্জন ছিল।
অ্যাডমিরাল হ্যাগারি জানান, ইসরায়েলি সেনারা ড্রোনের মাধ্যমে দেখতে পায় যে সিনওয়ার একটি চেয়ারে বসে আছেন। পরে সেনারা ভবনে প্রবেশ করে তাকে একটি ভেস্ট, বন্দুক এবং ৪০ হাজার শেকেলসহ মৃত অবস্থায় দেখতে পায়।
সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করতে ইসরায়েল কিছুটা সময় নিয়েছিলো, কারণ তার দাঁতের রেকর্ড ও আঙ্গুলের ছাপ যাচাই করে নিশ্চিত হওয়া হয়েছিলো। ইসরায়েলের কাছে তার জেনেটিক ডেটা সংরক্ষিত ছিল, কারণ তিনি দীর্ঘ সময় ইসরায়েলের কারাগারে বন্দি ছিলেন।