উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন হামলায় ৪ সেনা নিহত, আহত ৬০

উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন হামলায় ৪ সেনা নিহত, আহত ৬০

আর্ন্তজাতিক, নেত্রকোণার আলো ডটকম:

উত্তর ইসরায়েলের বেনইয়ামিনা এলাকায় একটি সেনা ঘাঁটিতে চালানো ড্রোন হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন। লেবাননের ইরান–সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, হাইফার দক্ষিণে অবস্থিত বেনইয়ামিনা এলাকায় ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ জানিয়েছে, তেল আবিব ও হাইফার মাঝামাঝি এলাকায় অবস্থিত আইডিএফের গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবিরে প্রতিশোধমূলক এই হামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এটি চালানো হয়।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হামলায় আহত ৬১ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। আহতদের দ্রুত হেলিকপ্টার ও অন্যান্য জরুরি যানবাহনে করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কিছু সেনাকে হাদেরার হিল্লেল ইয়াফে মেডিকেল সেন্টারে এবং বাকিদের তেল হাশোমার, হাইফা, আফুলা ও নেতানিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, হিজবুল্লাহর যোদ্ধাদের হামলায় রোববার আরও ২৫ জন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ। এই সেনারা উত্তর লেবাননে স্থল অভিযান পরিচালনার চেষ্টা করছিলেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে স্থল হামলার ঘোষণা দেয় আইডিএফ, যা সীমান্তবর্তী অঞ্চলে ট্যাংক ও সেনা মোতায়েনের মাধ্যমে শুরু হয়। তবে লেবাননে ইসরায়েলি বাহিনী খুব বেশি সফলতা অর্জন করতে পারেনি।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com